চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সমহিমায় ফিরলেন সাংবাদিক ফারুক ও আনোয়ার

আল মামুন শিপন লক্ষ্মীপুর:
দীর্ঘ পাঁচ বছর পর চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সদস্যপদ পুনর্বহাল ও সাংগঠনিক হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে সমহিমায় ফিরেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কবির আহমদ ফারুক ও সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের ২০ ধারা অনুযায়ী নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে বর্তমান কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এই পুনর্বহাল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ লক্ষ্যে গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার দ্বিতীয় আলোচ্য সূচিতে সর্বসম্মতিক্রমে বহিষ্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, তর্কিত অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের ১৫ জানুয়ারি সাংবাদিক কবির আহমদ ফারুক ও আনোয়ার হোসেনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘ সময় পর বিষয়টি পুনর্বিবেচনায় এনে বহিষ্কার আদেশ বাতিলের মাধ্যমে সাংগঠনিক ঐক্যের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কবির আহমদ ফারুক বলেন,
‘আজ পাঁচ বছর পর একটি নতুন ইতিহাস রচিত হলো। মনে হচ্ছে ইতিহাসের নতুন এক অধ্যায় স্পর্শ করছি। আমি মীমাংসিত পুরোনো বিষয় নিয়ে সহকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি করতে চাই না। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে অতীতের ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে। আমাদের জুলুম ও বিদ্বেষের কদর থেকে বেরিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন,
‘দ্বন্দ্ব ভুলে নবীন ও প্রবীণ সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি এবং সাংবাদিক আনোয়ার হোসেন মুক্ত মনে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে ফিরছি। সামনে এগিয়ে যেতে সবার সুপরামর্শ ও সহযোগিতা কামনা করছি।’
চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সূত্রে জানা যায়, বহিষ্কার আদেশ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রেসক্লাব সংশ্লিষ্ট পিটিশন মামলা নং ৭২/২০২২ প্রত্যাহারের সত্যায়িত কপি দাখিল এবং গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী কার্যক্রম হালনাগাদ করা।
সাংবাদিক আনোয়ার হোসেনও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন,
‘ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যের পথে ফেরাটাই সাংবাদিকতার সৌন্দর্য। আমরা সবাই মিলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে কাজ করতে চাই।’
স্থানীয় সাংবাদিক মহল মনে করছেন, এই পুনর্বহাল সিদ্ধান্ত চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক ঐক্য, পেশাদারিত্ব এবং সাংবাদিকতার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার এবং ফলো করুন: