চন্দ্রগঞ্জ থানার পুরাতন ভবনে উপজেলা কার্যক্রম চালুর দাবি

আল মামুন লক্ষ্মীপুর: 

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালু করতে পুরাতন চন্দ্রগঞ্জ থানা ভবনে অস্থায়ীভাবে উপজেলা কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও সচেতন মহল।

তারা মনে করছেন, নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণে দীর্ঘ সময় লাগতে পারে। তাই জনগণের ভোগান্তি লাঘবে বিদ্যমান সরকারি স্থাপনা ব্যবহার করাই বাস্তবসম্মত।

জানা যায়, ২০১৪ সালের ২ জুন চন্দ্রগঞ্জ থানা অনুমোদন লাভ করে। একই বছরের অক্টোবর মাসে চন্দ্রগঞ্জ বাজারের ডাক বাংলোতে নবনির্মিত ভবনে থানার কার্যক্রম শুরু হয়। প্রায় পাঁচ বছর পর ২০১৯ সালের ৭ মার্চ আধুনিক নতুন থানা ভবন উদ্বোধন করা হয়। বর্তমানে থানার সব কার্যক্রম সেখানে পরিচালিত হচ্ছে। ফলে পুরাতন থানা ভবনটি এখন খালি রয়েছে।

স্থানীয়রা বলছেন, পুরাতন থানা ভবনে অস্থায়ীভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম চালু করা গেলে জনগণ দ্রুত প্রশাসনিক সেবা পাবে। বর্তমানে ভূমি, প্রশাসন, সমাজসেবা, কৃষি, শিক্ষাসহ নানা সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে লক্ষ্মীপুর জেলা সদর বা দূরবর্তী স্থানে যেতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের অভিমত, চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল। ঘোষণার পর দ্রুত কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা জরুরি। পুরাতন থানা ভবন ব্যবহার করলে সরকারেরও অতিরিক্ত অর্থ ব্যয় কম হবে এবং উপজেলা কার্যক্রম সহজেই চালু করা সম্ভব হবে।

চন্দ্রগঞ্জবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: