রিপোর্টার-কবির আহমদ ফারুক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বাজারের খুচরা বিক্রেতারা ১২ কেজি বসুন্ধরা এলপিজি গ্যাস সিলিন্ডার সাড়ে ১৪শ’ টাকায় বিক্রি করছেন বলে ভোক্তারা অভিযোগ করেন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত দামের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১,২৭০ টাকা। অথচ চন্দ্রগঞ্জ বাজারে খুচরা বিক্রেতারা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ২৩০ টাকা বেশি নিচ্ছেন।
ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, সরকারের নির্ধারিত মূল্য তালিকা উপেক্ষা করে খুচরা বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে সাধারণ মানুষ অতিরিক্ত খরচের চাপে পড়ছেন।
এ বিষয়ে স্থানীয় ভোক্তারা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, “যেখানে সরকার প্রতি মাসে দাম সমন্বয় করছে, সেখানে খুচরা ব্যবসায়ীদের এই অনিয়ম সাধারণ মানুষের জন্য ভোগান্তি তৈরি করছে।
প্রসঙ্গত, বিইআরসি প্রতি মাসে এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে। সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের দামও প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
