আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গুমবিষয়ক জাতিসংঘের ৫ সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান তারা।
এর আগে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্যরা সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে।
রোববার (১৫ জুন) চার দিনের সফরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য বাংলাদেশে আসেন। এ গ্রুপে ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ঢাকা পৌঁছান।
প্রায় একযুগ ধরে গুমের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলেন্টারি ডিসাপিয়ারেন্স– ডব্লিউজিইআইডি। ২০১৩ সালের ১২ মার্চ সফরের জন্য প্রথম চিঠি দিলেও সাড়া দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর একাধিকবার অনুরোধ করলেও রাখা হয়নি। ২০২০ সালের ২৪ এপ্রিল শেষবার সফরের অনুমতি চেয়েছিল ডব্লিউজিইআইডি। কিন্তু দেয়নি তৎকালীন সরকার।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানালে সাড়া দেয়। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ। ১৮ জুন প্রতিনিধি দলের সদস্যদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
জানা যায়, সফরে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল। এ ছাড়া নীতিবিষয়ক আলোচনায় অংশ নেবেন দুই সদস্য।
এদিকে ২০১৬ সালের ২১ জুলাই কুমিল্লায় অপহরণ করে চোখ তুলে নেয়ার অভিযোগে কুমিল্লা ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ জাহের ও তৎকালীন কুমিল্লা দক্ষিণের ছাত্রলীগের চেয়ারম্যান ও পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপিসহ ১৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া।
