মালয়েশিয়ায় বেপরোয়া গাড়ি চালিয়ে একজন পথচারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক আতিক জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
কুয়ালালামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এক পথচারীকে ধাক্কা দেয়।
১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪(১) ধারার অধীনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সময় সোমবার (১৬ জুন) আদালতে ম্যাজিস্ট্রেট খাইরুন্নিসাক হাসনির সামনে একজন দোভাষী আতিক জামান (৩৯) কে বাংলায় অভিযোগ পড়ে শোনান। যদিও আতিক জামান আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ম্যাজিস্ট্রেট বাংলাদেশি দোভাষীর উপস্থিতি এবং মামলার পুনঃশুনানির জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ জুন আতিক জামান কুয়ালালামপুরের সেন্তুল থেকে জিনজাং-এর দিকে একটি কালো নিসান গাড়ি চালিয়ে যাওয়ার সময় কুয়ালালামপুরের জালান ইপোহতে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারায়। এরপর প্রথমে এক ভিয়েতনামি নারী চালকের গাড়িকে ধাক্কা দেয়। পরে মুহাম্মদ রেজুয়ান জামাল নামে একজন পথচারীকে ধাক্কা দেয়।
গাড়ির ধাক্কায় পথচারী সেতুর নিচে পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন। এরপর ১৪ জুন সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে পথচারীর মৃতদেহ খুঁজে পান উদ্ধার কর্মীরা।
ময়নাতদন্তের জন্য পথচারীর লাশ কুয়ালালামপুর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
আতিক জামান দোষী সাব্যস্ত হলে, সর্বোচ্চ ২০ হাজার রিঙ্গিত জরিমানা এবং পাঁচ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
