লক্ষ্মীপুর থেকে আল মামুন শিপন: চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা আজ ২৯ জুন বিকাল ৪টায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হকসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম (নোমান) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করে সম্মাননা জানান।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং অফিসার, ফোর্স ও গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন এবং চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক রেজিস্ট্রারে স্বাক্ষর করেন।
এসময় পুলিশ সদস্যদের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন,পুলিশ জনগণের সেবক—এই চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রত্যেকে যেন নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে। থানাকে হতে হবে নিরাপত্তার আশ্রয়স্থল এবং বিচারপ্রার্থীর আস্থার কেন্দ্র। আমি চাই, প্রতিটি পুলিশ সদস্য পেশাদারিত্ব, নিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করবেন।
তিনি আরও বলেন, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। থানায় আগত সাধারণ মানুষের সঙ্গে সহনশীল ও সদাচরণ নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার দায়িত্ব।
লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসন চট্টগ্রাম রেঞ্জের এই পরিদর্শনকে সফল ও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
