লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। জরাজীর্ণ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন।

শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ উত্তর বাজার থেকে পশ্চিম লতিফপুর ধোপাঘাটা ব্রিজ পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে এটি সংস্কার হয়নি। ২০০৮ সালে রাস্তাটি নির্মাণ করা হলেও এরপর আর কোনো সংস্কার করা হয়নি জরাজীর্ণ এই সড়ক দ্রত সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

প্রতিদিন এই সড়ক দিয়ে লক্ষ্মীপুর জেলার সুনামধন্য চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়,কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ,কিন্ডার গার্টেন স্কুল সহ বেগমগঞ্জ ও চাটখিল উপজেলার হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ চলাচল করেন। এছাড়া এটি প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়ক।

জনগুরুত্বপূর্ণ জরাজীর্ণ সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তারা দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তারুণ্যের আলো সমাজকল্যাণ সোসাইটি ও শহীদ সোলায়মান উদ্দিন জিসান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ওমর ফারুক, সাইফ উদ্দিন জাবেদ,মশিউর রহমান ফাহাদ, ইয়াকুব মুন্না রিপন, মাওলানা জসিম উদ্দিন, আলমগীর হোসেন, শরীফ হোসেন, রফিকুল ইসলাম, বাহার উদ্দিন, উত্তম কুমার দাস, বিপ্লব প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুব সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন ,রাজনৈতিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার এবং ফলো করুন: