বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াত আমির।
রোববার (২০ জুলাই) বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়, সেনাপ্রধান ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনে চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পোস্টে আরও জানানো হয়, “সম্মানিত আমির সাহেব সেনাপ্রধানের এই সৌজন্য ও সদয় আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত মহাসমাবেশে বক্তব্য শুরু করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়ান এবং পুনরায় অসুস্থ হয়ে পড়ে যান। গরমের কারণে এমনটি হয়েছে বলে জানা গেছে। পরে তিনি মঞ্চে বসেই সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সভা শেষে হাসপাতালে নেওয়া হয়।
সেনাপ্রধানের এই মানবিক পদক্ষেপ রাজনৈতিক শিষ্টাচার ও সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হচ্ছে।
