জুলাই ঘোষণাপত্রে সাংবাদিকদের অবদান উপেক্ষা: নিন্দা ও প্রতিবাদ

চন্দ্রগঞ্জ থেকে সিনিয়র সাংবাদিক কবির আহমদ ফারুক:
জুলাই ঘোষণাপত্রে সাংবাদিকদের,বিশেষ করে মফস্বল ও বিকল্প গণমাধ্যমে লড়াই করা সাংবাদিকদের অবদান উপেক্ষা করাটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
জুলাই গণঅভ্যুত্থান ছিল এক বিশাল জনগণের জাগরণ, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে অংশ নিয়েছিলেন।
এই আন্দোলনের প্রতিটি দিন,প্রতিটি মুহূর্ত রক্ত, ঘাম ও শব্দ দিয়ে যাঁরা রেকর্ড করেছেন—তাঁরা হলেন সাংবাদিকরা। অথচ আশ্চর্যজনকভাবে জুলাই ঘোষণাপত্রে সাংবাদিকদের কোনও স্বীকৃতি নেই। এই অবহেলা আমরা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদসহকারে প্রত্যাখ্যান করছি।

১. সাংবাদিকরা ছিলেন তথ্য সংগ্রামের অগ্রসেনানী আন্দোলন দমনের ভয়াবহতা, গুম-খুনের তথ্য, মিছিলের ছবি, শহীদের নাম—সবকিছু সাংবাদিকরাই সংগ্রহ করেছেন। সরকার-নিয়ন্ত্রিত মূলধারার বাইরে দাঁড়িয়ে যারা বিকল্প সংবাদমাধ্যম হিসেবে কাজ করেছেন, তারা এই বিপ্লবের একেকজন নীরব যোদ্ধা।

২. মফস্বলে সাংবাদিকতা মানেই জীবন বাজি রেখে প্রতিবাদ বিভিন্ন থানার সামনে, মাঠে, অন্ধকার রাস্তায়, যেখানে মানবাধিকারকর্মী বা নেতা হাজির হতেন না—সেখানেই ছিলেন একজন সাহসী মফস্বল সাংবাদিক। তিনি হয়তো একটি ভিডিও করেছেন, একটি ছবি তুলেছেন, একটি ফেসবুক পোস্ট লিখেছেন—যা দেশে-বিদেশে আলোড়ন তুলেছে।
৩. তথ্যযুদ্ধ ও প্রপাগান্ডার বিরুদ্ধে সাংবাদিকদের লড়াই সরকারের মিথ্যাচার ও দালাল মিডিয়ার প্রচার-প্রচারণার বিরুদ্ধে সাংবাদিকরাই ছিলেন তথ্যযুদ্ধের প্রধান সৈনিক। বিশেষ করে স্বাধীন ইউটিউবার, ব্লগার ও গ্রাসরুট মিডিয়া এক ভয়ানক পরিবেশেও সত্য তুলে ধরার চেষ্টা করেছেন।
৪. অনেক সাংবাদিক হামলার শিকার হয়েছেন, মামলা-হামলা-মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হয়েছেন
এই আন্দোলনের সময় অন্তত ৩৫ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন, শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন মামলার নথি তৈরি হয়েছে। কিন্তু তাদের আত্মত্যাগ কোথাও উল্লেখ করা হয়নি!
আমাদের দাবি:
১. জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সংশোধন করে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে হবে।
২. “তথ্য ও সাংবাদিকতা সংগ্রাম” নামে একটি পৃথক অধ্যায় ঘোষণাপত্রে যুক্ত করতে হবে।
৩. গণঅভ্যুত্থানের সময় হামলার শিকার সাংবাদিকদের জন্য একটি ‘সাংবাদিক পুনর্বাসন ও সম্মাননা ট্রাস্ট’ গঠন করতে হবে।
৪. প্রতিবছর ৫ আগস্টকে “সাংবাদিক প্রতিরোধ দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার ঘোষণা দিতে হবে।

শেয়ার এবং ফলো করুন: