লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের তিতারকান্দিতে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র উদ্যোগ

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর: বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে সরেজমিন পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।

পরিদর্শনকালে তিনি স্থানীয় জলাবদ্ধতার মূল কারণ হিসেবে পানি চলাচলে বাধা সৃষ্টি করা বিভিন্ন অবকাঠামো,বাঁধ ও ভেসাল জালের অস্তিত্ব চিহ্নিত করেন। পানি নিষ্কাশনের পথ পরিষ্কার করতে তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বাধা অপসারণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ইউএনও জামশেদ আলম রানা জানান,জনস্বার্থে জলাবদ্ধতা নিরসনে অভিযান অব্যাহত থাকবে। বর্ষা মৌসুমে কোনো প্রকার অবৈধ বাঁধ, স্থাপনা বা জালের কারণে যাতে জনদুর্ভোগ না হয়, সে লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

পরিদর্শনের সময় ইউএনওকে ঝুঁকিপূর্ণ একটি গ্রামীণ বাঁশের সাঁকো পার হতে দেখা যায়, যা এলাকাবাসীর দূর্ভোগের করুণ চিত্র ও সমস্যার বাস্তব চেহারা প্রকাশ পেয়েছে। ইউএনও’র মাঠ পর্যায়ের উপস্থিতি ও দৃশ্যমান উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।

স্থানীয়রা আশাবাদী, জেলা প্রশাসনের এ ধরনের সক্রিয় তদারকি ও দ্রুত পদক্ষেপের ফলে গ্রামাঞ্চলের জলাবদ্ধতা নিরসনসহ সামগ্রিক জনজীবনের দূর্ভোগ লাঘব হয়ে উন্নয়ন সাধিত হবে।

শেয়ার এবং ফলো করুন: