বেগমগঞ্জে গৃহবধূর বসতবাড়িতে সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

বেগমগঞ্জ থেকে কবির আহমদ ফারুক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলা, মারধর, লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিরিন আক্তার (৪৮) শনিবার (১৬ আগস্ট) বেগমগঞ্জ মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে বাদী হিসেবে শিরিন আক্তার উল্লেখ করেন, ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়রপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের নিজ বাড়ির সামনে ও রাত সাড়ে ৭টার দিকে তার বসতবাড়িতে পরিকল্পিত হামলা চালায় স্থানীয় মো. রুবেল, রাশেদ, রায়হানসহ ১৪ জন নামীয় আসামি ও আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর ছেলে শাকিল মাহমুদসহ পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একাধিক ব্যক্তি আহত হন।

এজাহারে বলা হয়, হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে বাদীর আলমারিতে থাকা ৮০ হাজার টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। এরপর তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এছাড়া, একপর্যায়ে বাদীর মেয়ের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

শিরিন আক্তার অভিযোগ করেন, এর আগেও তার ছেলে বিদেশ থেকে দেশে ফেরার পর আসামিরা নানা সময়ে হুমকি দিয়ে আসছিল। পূর্বের একটি হত্যা মামলায় তার ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হলেও পুলিশ তদন্তে তাকে অব্যাহতি দেয়। এ কারণে আসামিরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে হামলার পথ বেছে নেয়।

হামলায় আহত শিরিন আক্তার ও তার ছেলে বর্তমানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার এবং ফলো করুন: