নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ

আল মামুন শিপন – বার্তা সময়:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

এর আগে, গতকাল রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধরা হলেন,মো:সজীব হোসেন (২০) ও মো: তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো.জাকির হোসেন অভিযোগ করে বলেন,গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের বাকবিতণ্ডা হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশী চালায় তারা।

জাকির হোসেন আরো বলেন,রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে লেদু,সোহেল,ফয়সাল, আশরাফ,হাসেম,মেহেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জামায়াতের যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে জানতে চেয়ে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মি মহসিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন গুলো বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমনের বলেন,বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবো।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, স্কুলের ভবনের ছাদের ওপরে উঠে, ভালো ভাবে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়। আরও অভিযোগ ছিল খেলায় জুনিয়র খেলোয়াড সুযোগ পায়, সিনিয়র খেলায়াড়রা সুযোগ পায় না। এসব নিয়ে স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যার দিকে বৈঠক বসে মিটমাট করে দেয়। যাতে আর কোনো সমস্যা না হয়। কিন্ত বৈঠক শেষে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। যারা গুলিদ্ধি হয়েছে জামায়াত দাবি করছে তারা তাদের লোক।

শেয়ার এবং ফলো করুন: