চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী আনন্দ বাস খালে,নিহত ৫

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকার মোরশেদ আলম, জয়নাল আবেদিন এবং নওগাঁর আফসার উদ্দিনের ছেলে হুমায়ূন রশিদ। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়, তবে তাঁদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর চৌমুহনী থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে কফিলউদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। প্রাথমিকভাবে ২০ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্ঘটনার তিন ঘণ্টা পর ঘটনাস্থলে ডুবুরি দল এসে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। পানির নিচে আরও কেউ আটকে আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী। তাঁদের দাবি, ফায়ার সার্ভিসের দেরি করার কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে।
এছাড়াও এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন ঘটনার পর পরই লক্ষ্মীপুর এবং চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে সহায়তা চাইলে চৌমুহনী ফায়ার সার্ভিস অপারগতা প্রকাশ করে বলেন চন্দ্রগঞ্জ দূর্ঘটনার বিষয় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস দেখবেন এছাড়াও চন্দ্রগঞ্জ এস এম কে হসপিটালে আহতদের নেওয়া হলে হসপিটাল কতৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন এতে বিক্ষুপ্ত জনতা এস এম কে হসপিটাল এর সামনে জড়ো হলে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম নোমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান,বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান,বাসটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় জব্দ করা হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, “চন্দ্রগঞ্জ দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।”

শেয়ার এবং ফলো করুন: