কবির আহমদ ফারুক – চন্দ্রগঞ্জ,লক্ষ্মীপুর।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)
মাত্র কয়েকদিন আগের ঘটনা। গত ৬ সেপ্টেম্বর ২০২৫, চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর সদর উপজেলার কফিলউদ্দিন ডিগ্রী কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। বাসের চাকা খুলে যাওয়ায় ঘটে এ দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই হাসিখুশি যাত্রাপথ কালো অধ্যায়ে পরিণত হয়।
সে ঘটনায় প্রাণ হারান চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের দুইজন- মোরশেদ আলম (৫০), পিতা আবুল কাশেম ও জয়নাল আবেদিন (৫৫), পিতা হাফিজ উল্ল্যা। দুই পরিবারের ওপর নেমে আসে অশেষ শোকের ছায়া।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) নিহতদের বাড়িতে যান জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাঁরা নিহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সান্ত্বনা দেন এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
এসময় জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।
গ্রামের মানুষ বলছেন, এ ধরনের দুর্ঘটনা একদিকে যেমন পরিবারকে চিরদিনের জন্য শূন্য করে দেয়, তেমনি পুরো সমাজকেও গভীরভাবে নাড়া দেয়। প্রশাসনের এমন সহমর্মী উপস্থিতি তাঁদের অন্তত একটুখানি ভরসা দিয়েছে।
