চন্দ্রগঞ্জে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও স্থানীয় সাংবাদিক ফয়সাল মাহমুদকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. সোলেমানের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিঘলী মসজিদে মাগরিবের নামাজ শেষে বের হওয়ার সময় মো. সোলেমান সাংবাদিক ফয়সাল মাহমুদকে উদ্দেশ করে বলেন, আমার বিরুদ্ধে যা লিখতেছেন লিখেন, আপনাকেও আমি দেখে নেব।

এ ঘটনার আগে ‘সময়ের সত্যতা’ নামের একটি ফেসবুক আইডি থেকে চারজনের ছবি সংবলিত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয় যে, দিঘলী দুর্গাপুর এলাকার এক হতদরিদ্র নারীর কাছ থেকে বিএনপি-আওয়ামী লীগ মিলে ১৩ হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক ফয়সাল মাহমুদ বলেন, কে বা কারা এই ফেক আইডি চালায় তা আমি জানি না। চাঁদা আদায়ের বিষয়েও আমার কোনো সম্পৃক্ততা নেই। তবুও কোনো প্রমাণ ছাড়াই আমাকে হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে বিষয়টি জানতে তিনি সোলেমানের দোকানে গেলে, কোনো প্রমাণ বা সঠিক জবাব দিতে পারেননি ওই স্বেচ্ছাসেবক দল নেতা।

শেয়ার এবং ফলো করুন: