বিএনপি সরকার গঠন করলে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড-ফার্মার্স কার্ড দেওয়া হবে: এ্যানি

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা জাতির সামনে উত্থাপন করেছেন। এর মধ্যে একটি দফা নারীদের জন্য। নির্বাচিত হলে প্রতিটি ঘরে একটি করে ফার্মার্স কার্ড দেওয়া হবে, যা মা বা বোনদের নামে থাকবে। কার্ডের মাধ্যমে মাসিক নগদ অর্থ বা সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবে, যাতে পরিবারগুলো সহজে সংসার চালাতে পারে।

বর্তমান সরকারের এক বছরের বেশি হয়ে গেছে,কোন সরকার নেই কিন্তু,আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল একদিকে বিচার করা, আরেকদিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা। যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি যিনি আপনাদের রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সমাজের বিচার আচার সবকিছুকে সমন্বয় করে একটি স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করবেন। সেই সরকারের অপেক্ষায় আমরা আছি। নির্বাচিত সরকার ছাড়া কোনভাবেই জনগণের সমস্যা সমাধান করা সম্ভব নয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নের তিনটি স্থান চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ , সৈয়দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,রূপাচরা শফি উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই, দেশে নির্বাচিত সরকার নেই। যার কারণে গত এক বছর কিছুটা হলেও আগের ১৭ বছরের রেশ আমরা টানছি। ব্যাংকে যান, বিচারলয়ে যান, সামাজিক উন্নয়নের কাজে যান, স্কুল-কলেজ সবকিছুতেই অচল অবস্থা। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে রয়েছে। পারিবারিকভাবে সবাই একটা কষ্টের মধ্যে এখনো আছে। এই কষ্ট, এই দূর্ভোগ থেকে বের হয়ে আসতে একটি নির্বাচিত সরকার লাগবে।

এ্যানি চৌধুরী বলেন, আমরা বিএনপি নির্বাচিত হয়ে ২০০১ ও ১৯৯১ এ ছিলাম। স্বাধীনতার পরে জিয়াউর রহমান গ্রামেগঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করে এই দলটি সৃষ্টি করেছেন। বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত এই দলটা ধরে রেখেছেন। তারেক রহমান অত্যাচারিত হয়েও লন্ডনে থেকে আমাদের সাথে কথাবার্তা বলে আপনাদের পাশে থেকে কাজ করার জন্য নির্দেশ দিয়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন এই দলের।

তিনি বলেন, একটা নির্বাচন যদি হয় আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভোটের মাধ্যমে জনগণের সরকার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ক্ষমতায় আসার জন্য আপনাদের যে ভোট, এই ভোট আপনাদের আমানত, দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আপনারা তারেক রহমান, খালেদা জিয়া ও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, আমি ২০০১ ও ২০০৮ এ আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে কি কি কাজগুলো করেছি আপনারা দেখেছেন। আমার বিশ্বাস যদি নির্বাচনটা হতো- ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ আপনারা ভোট দিয়ে ধানের শীষকেই নির্বাচিত করতেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের দলের সরকার, উন্নয়নের সরকার, আপনাদের পাশে যে থাকবে বিএনপির সরকার, ধানের শীষের সরকার, তাদেরকে আপনারা নির্বাচিত করে আনার জন্য এখন থেকে ঘরে ঘরে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ,১২ নং চরশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি খসরুল আলম মাহমুদ ও সাধারণ সম্পাদক রোরহান উদ্দিন প্রমুখ।

 

শেয়ার এবং ফলো করুন: