বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামী আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে – ড.মুহাম্মদ রেজাউল করিম।

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট মুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক ইনসাফপূর্ণ সমাজ গড়ে তোলা হবে, যেখানে কেউ অপরাধ করার সাহস পাবে না।

ক্ষুধা-দারিদ্রমুক্ত, আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের ৮ নম্বর দত্তপাড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত ৬ নম্বর ওয়ার্ডের এক দরিদ্র বাসিন্দার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য ঘরের কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ।

ড. রেজাউল করিম বলেন, ‘জামায়াত একটি গণমুখী, আদর্শবাদী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আবাসন সমস্যার সমাধানে কাজ করছি। কর্জে হাসানা ও অনুদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করা হচ্ছে। বেকারদের ক্ষুদ্র ব্যবসায় সহায়তা দিতে এককালীন পুঁজি প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আত্মনির্ভরশীল নাগরিক মানেই আত্মনির্ভরশীল জাতি। তাই জাতিকে আত্মনির্ভরশীল করতে আগামী দিনে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।’ দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে আপোষহীনভাবে ময়দানে থাকার আহ্বান জানান তিনি।

দুর্নীতিকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট মুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক ইনসাফপূর্ণ সমাজ গড়ে তোলা হবে, যেখানে কেউ অপরাধ করার সাহস পাবে না।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জুলাই সনদের ভিত্তিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।’ এ বিষয়ে পেশাজীবীসহ সকল নাগরিককে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।

এ সময় চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোস্তফা মোল্লা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার এবং ফলো করুন: