আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় কিশোরগ্যাং প্রধান ‘জুয়া সম্রাট’ মিলনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাকে কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন চর লরেন্স ইউনিয়নের করইতলা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, মিলন এলাকার কিশোরদের নিয়ে শপথ পাঠ করিয়ে কিশোর গ্যাং বাহিনী গড়ে তোলেন। এ বাহিনী নিয়মিত চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও সে করইতলা ও আশপাশের এলাকায় একাধিক জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করছেন।
তার গ্রেফতারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে পোস্টও করেছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন আওয়ামী লীগ সরকারের সময়ে যুবলীগ-ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল এবং দলীয় প্রায় সব কর্মসূচিতে অংশ নিত। সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় শুরু করে জুয়ার আসর। একপর্যায়ে বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আসর বসিয়ে তিনি নিজেকে এলাকায় ‘জুয়ার সম্রাট’ হিসেবে পরিচিতি দেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন,মিলন এলাকায় কিশোর গ্যাং প্রধান। তিনি বিভিন্ন স্থানে জুয়ার আসর বসিয়ে জুয়ার ব্যবস্থা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে জুয়া আইনে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
