সাংবাদিকরা আসলে সাংঘাতিক

কবির আহমদ ফারুক -বার্তা সময়
তারা লেখে, কিন্তু তাদের লেখা কেবল কালি নয়- প্রতিটি শব্দ যেন রক্তে লেখা এক সত্যের দলিল। সাংবাদিকরা কখনো নিজের নিরাপত্তার কথা ভাবেন না, ভাবেন সমাজের নিরাপত্তার কথা। তারা প্রশ্ন করেন, যেখানে সবাই চুপ থাকে; তারা খোঁজেন, যেখানে অন্ধকার ঢেকে রাখে আলোর সত্যকে।

সকালে রিপোর্টের জন্য ছুটে যাওয়া মানুষটা হয়তো বিকেলে আর ফিরবে না-এ বাস্তবতা জানে তার পরিবার। তবু সাংবাদিক নামের এই যোদ্ধারা থামেন না। কখনো বৃষ্টিতে, কখনো গরমে, কখনো মৃত্যুর হুমকির মুখে থেকেও তারা নির্ভীক। কারণ তাদের কাছে পেশা নয়, দায়িত্বই সব।

একজন সাংবাদিক যখন মাঠে নামেন, তখন তিনি কেবল সংবাদ সংগ্রহ করেন না-তিনি সময়ের ইতিহাস রচনা করেন। কোনো নির্যাতিতের কান্না, কোনো কৃষকের আশা, কোনো শিশুর ক্ষুধা-সব তার চোখে দেখা, হৃদয়ে লেখা।

তাই বলা হয়, সাংবাদিকরা আসলে সাংঘাতিক- কারণ তারা সত্যকে ভয় পান না, ক্ষমতাকে তুচ্ছ করেন, আর মানুষের জন্য নিজেদের স্বপ্নটাকেও ত্যাগ করেন।

তাদের কলম একদিকে প্রতিবাদের প্রতীক, অন্যদিকে মানবতার শেষ ভরসা। সত্যের জন্য লড়াই করা এই মানুষগুলোই আসলে সমাজের নীরব বিপ্লবী।
তারা যদি থেমে যায়, পৃথিবী থেমে যাবে অন্ধকারে।

শেয়ার এবং ফলো করুন: