আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে আবারও আলোচনায় এলেন সাবেক সংসদ সদস্য ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করলে, মুহূর্তেই লক্ষ্মীপুরে ছড়িয়ে পড়ে এক ধরনের নির্বাচনী উচ্ছ্বাস।
বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। কিন্তু এই ঘোষণায় লক্ষ্মীপুরের রাজনীতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হলো। সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, এমনকি প্রত্যন্ত গ্রামেও শুরু হয়েছে আলোচনা— “এ্যানি ভাই আসছেন!”
মাঠে নামছে পুরনো কর্মীরা
এ্যানির মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই দলের তৃণমূল কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন- আবারও লক্ষ্মীপুরে গণমানুষের রাজনীতি ফিরবে। কেউ কেউ টাঙাচ্ছেন ব্যানার-ফেস্টুন, কেউ আবার জড়ো হচ্ছেন স্থানীয় চায়ের দোকানে, ভবিষ্যৎ পরিকল্পনা আঁকতে।
একজন সিনিয়র নেতা বললেন,
এ্যানি ভাই শুধু রাজনীতিবিদ নন, তিনি কর্মীদের আশ্রয়স্থল। তার উপস্থিতি মানে আমাদের ঐক্য ফিরে আসা।
রাজনৈতিক সমীকরণে নতুন দিক
লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরও তৎপরতা বাড়ছে। তবে বিএনপির মনোনয়ন ঘোষণার পর স্থানীয় রাজনীতির সমীকরণে এক নতুন অধ্যায় শুরু হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ্যানির জনপ্রিয়তা, তৃণমূল নেটওয়ার্ক ও সংগঠন পরিচালনার দক্ষতা এই আসনকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।
কেন্দ্রীয় সিদ্ধান্তে কৌশলের ছাপ
দলীয় সূত্র জানায়, দুপুরে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় জরুরি বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে শুধু প্রার্থী চূড়ান্ত নয়, নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
এটা সম্ভাব্য তালিকা। ২২৫টি আসনের প্রার্থী আমরা নির্ধারণ করেছি। কিছু আসনে পরিবর্তন হতে পারে, তবে এই তালিকাটিই সবচেয়ে অ্যাপ্রোপিয়েট।
রায়পুরে খায়ের, সদর-রামগঞ্জে অপেক্ষা
এদিকে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তিনবারের এমপি আবুল খায়ের ভূঁইয়া পেয়েছেন মনোনয়ন। আর লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এ্যানির প্রত্যাবর্তন- আশার প্রতীক
রাজনৈতিক অঙ্গনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম মানেই সংগঠিত কর্মীশক্তি, তৃণমূলের অকৃত্রিম ভালোবাসা ও সাহসী বক্তব্য। দুইবারের সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি লক্ষ্মীপুরবাসীর কাছে পরিচিত একজন ‘মানুষের নেতা’। দীর্ঘ সময় পর আবারও সেই মানুষটি মাঠে ফিরছেন, তাই কর্মী-সমর্থকদের মুখে এখন একটাই কথা-
লক্ষ্মীপুরে পরিবর্তনের সময় এসেছে, এ্যানি ভাই ফিরেছেন।
