চন্দ্রগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি: এক মাসেও ধরাছোঁয়ার বাইরে ডাকাতদল: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী পরিবার

আল মামুন শিপন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে এক রাতে তিন বাড়িতে সংঘটিত ভয়াবহ ডাকাতির এক মাস পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে, আর প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা।

গত ২ অক্টোবর রাত ৩টার দিকে মুখোশধারী ৮ থেকে ১০ জন সশস্ত্র ডাকাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আকরাম উল্যা গাজীর (৯৪) বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নেয়।

ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা প্রায় আধাঘণ্টা ধরে দুইটি ভবনে তাণ্ডব চালায়। এ সময় আলমারি ভেঙে ৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকার সম্পদ লুট করা হয়।

ঘটনার সময় ডাকাতরা স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলেছিল এবং পুরো ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে বলে জানান তারা। ঘটনার দিনই বিষয়টি পুলিশকে জানানো হয় এবং ৫ অক্টোবর চন্দ্রগঞ্জ থানায় মামলা (নম্বর ০৪/১৬৫, ধারা ৩৯৫/৩৯৭) দায়ের করা হয়। মামলার তদন্তভার পান থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন।

কিন্তু এক মাস অতিক্রান্ত হলেও মামলার অগ্রগতি নেই। অজ্ঞাতনামা আসামিদের কেউই গ্রেফতার হয়নি।

বীর মুক্তিযোদ্ধা আকরাম উল্যা গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন,

আমাদের পরিবারের সবাই আজও আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সিসিটিভি ফুটেজে মুখ দেখা গেলেও এক মাসে কাউকে ধরা হলো না- তা আমাদের বোধগম্য নয়।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে চন্দ্রগঞ্জ এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশের টহল কার্যক্রম থাকলেও অপরাধীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

ভুক্তভোগীদের দাবি-
অপরাধী যত প্রভাবশালীই হোক, দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

ঘটনার সারসংক্ষেপ:
স্থান: পূর্ব সৈয়দপুর, চরশাহী ইউনিয়ন, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর
তারিখ: ২ অক্টোবর ২০২৫ (রাত ৩টা-৪টা)
বাদী: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আকরাম উল্যা (৯৪)
মামলা নং: ০৪/ (ধারা ৩৯৫/৩৯৭) তারিখ: ০৫/১০/২০২৫খ্রি:
লুণ্ঠিত মালামাল: আনুমানিক ১৩,৫৪,০০০ টাকা
প্রমাণ: সিসিটিভি ফুটেজে ডাকাতদের উপস্থিতি দৃশ্যমান৷

শেয়ার এবং ফলো করুন: