আল মামুন শিপন -লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে বিএনপি নেতা আবুল কালাম জহির (মাটি জহির)কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতের ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের স্ত্রী আইরিন আক্তার আজ সোমবার (১৭ নভেম্বর) চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় নামীয় ১৩ জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এফআইআর অনুযায়ী,প্রতিপক্ষরা ওঁত পেতে থেকে মাটি জহিরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পর তাকে চাপাতি, কুড়াল ও চোরা দ্বারা মাথা, মুখ ও হাতে এলোপাতাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মামলার আসামি:
খোরশেদ আলম, কাউছার, মিজান মল্লিক, শামসুল মল্লিক, শাহ আলম, রাহাত বাবু, ইমন, স্বপন, আলমগীর, সেলিম, রিয়াজ (চিতা), আজিম, আব্দুল খালেকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
র্যাবের নজরদারি ও নিরাপত্তা:
হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গতিবিধি র্যাব-১১ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।
তদন্ত:
চন্দ্রগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর কাউছার আহাম্মদ খান মামলাটি তদন্ত করছেন। থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম এজাহার গ্রহণ করেন।
আবুল কালাম জহিরের দ্বিতীয় স্ত্রী আইরিন আক্তার বলেন-পূর্ব পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের লক্ষ্যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।
