চন্দ্রগঞ্জে মাদ্রাসার নাম ভাঙিয়ে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাম ভাঙিয়ে একটি চক্র পরিকল্পিতভাবে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করেছে-এমন অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে। ভাঙচুরকৃত দোকানঘরটির মালিক সাংবাদিক আল মামুন শিপন।

ভুক্তভোগী আল মামুন শিপন এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী কর্মকর্তা এএসআই বেলায়েত হোসেন। পরিদর্শন শেষে তিনি অভিযোগকারীকে জানান, আদালতের নির্দেশনা ছাড়া এ বিষয়ে থানার পক্ষ থেকে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। তিনি অভিযোগকারীকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সভাপতি আব্দুর রহমানের সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মোনায়েমের নেতৃত্বে একটি পক্ষ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এ ঘটনার সঙ্গে যুক্ত করে। শিক্ষার্থীদের সামনে রেখে দোকানঘরটি ভেঙে ফেলা হয় এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনায় স্থানীয় অভিভাবক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে ব্যবহার করা চরম অন্যায় ও উদ্বেগজনক। এতে শিশুদের মানসিক ও নৈতিক ক্ষতির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে আল মামুন শিপন দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

শেয়ার এবং ফলো করুন: