চরশাহীতে মসজিদের বয়োজ্যেষ্ঠ মোয়াজ্জিনের বিরুদ্ধে মিথ্যা মামলায় এলাকায় ক্ষোভ

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর বটতলা জামে মসজিদে দীর্ঘ ১৫ বছর ধরে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসা বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ হাসানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ হাসান শুধু মসজিদের মোয়াজ্জিনই নন, একই সঙ্গে মসজিদ কমিটির ক্যাশিয়ার হিসেবেও দীর্ঘদিন যাবৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়ির মসজিদের সামনে জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মী গ্রামের সহজ-সরল মহিলাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে হট্টগোল ও বাক-বিতণ্ডার ঘটনা ঘটে।

এই ঘটনার পর জামায়াতের এক কর্মী বাদি হয়ে বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ হাসানকে ৮ নম্বর আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সাধারণ মানুষ ও মুসল্লিরা এটিকে অত্যন্ত দুঃখজনক ও অন্যায় বলে মনে করছেন।

একজন নিরপরাধ, ধর্মীয় ও সামাজিকভাবে নিবেদিতপ্রাণ ব্যক্তির বিরুদ্ধে এমন মিথ্যা মামলা হওয়ায় এলাকায় দলমত নির্বিশেষে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ হাসানের মতো একজন সম্মানিত ব্যক্তিকে এ ধরনের হয়রানিমূলক মামলায় জড়ানো সম্পূর্ণ অন্যায়। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: