আল মামুন শিপন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে মুড়িভর্তি বস্তার নিচে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মিনি পিকআপ গাড়িসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।
অভিযানটি মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে সদর থানাধীন চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরী ফেরীঘাট এলাকায় পরিচালিত হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে অভিযান চালানো হয়।
আজাদ (৪৫) নামের এক ব্যক্তির টায়ার মেরামতের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনি পিকআপ তল্লাশি করে মুড়ির বস্তার নিচে লুকানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-করিম (৪০), আপন চন্দ্র সাহা (৩৯) এবং মাসুম (১৯)।
তাদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা, ৭ বস্তা মুড়ি (ওজন প্রায় ২৮০ কেজি), ৪টি স্মার্টফোন এবং ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা মুড়িভর্তি বস্তার আড়ালে গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
র্যাব জানায়,এটি মাদক ও অস্ত্রবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
