লক্ষ্মীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লক্ষ্মীপুর জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে আগত বিজিবি সদস্যরা মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কার্যক্রম শুরু করেছেন। জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবি সদস্যরা সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম চালাবেন।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।
এদিকে, সারাদেশে নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির ব্যাপক মোতায়েনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভোটাররা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন।
লক্ষ্মীপুরে নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
