নিউজ ডেস্ক বার্তা সময়:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড বিতরণের জন্য প্রথমবারের মতো ইসি অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে গত বৃহস্পতিবার ইসি বাধ্যতামূলক অনলাইন পদ্ধতি বাতিল করে পূর্বের নিয়মে কার্ড ও গাড়ির স্টিকার বিতরণের সিদ্ধান্ত নেয়।
এর আগে নির্বাচন সংক্রান্ত নিউজ কাভার করার জন্য ১৪ হাজার সাংবাদিক অনলাইনে আবেদন করেছিলেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ইসির নির্ধারিত ওয়েবসাইটে লগইন করলেই ১৪ হাজার সাংবাদিকের পুরো তালিকা হোমপেজে দেখা যাচ্ছিল। তালিকায় প্রতিটি আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ পুরো আবেদন দেখা যাচ্ছিল। তবে কিছু সময়ের মধ্যে ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, অনলাইন সিস্টেম ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে এবং আজ বিকেলে ওয়েবসাইটটি এডমিন দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে পুনরায় খোলা হয়েছিল। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অনলাইন কার্ড বিতরণ বন্ধ করা হয়েছে, তবে তথ্য ফাঁস হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য নেই।
