৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ

আল মামুন শিপন বার্তা সময়:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের খোলা মাঠে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরাও অংশ নিয়েছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ।

২০০৬ সালের অক্টোবরে ক্ষমতা থেকে বিদায়ের প্রায় দুই দশক পর আবারও ভোটের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

এর আগে সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে ছিল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। সেই সরকারের অন্যতম অংশীদার এবং দলটির দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবার বসছে বিরোধী দলের আসনে।

এবারই প্রথম দলের নির্বাচনী লড়াইয়ের নেতৃত্ব দিলেন তারেক রহমান। তার নেতৃত্বেই সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে দলটি।

দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। নির্বাচনের মাত্র মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়েছিলেন তিনি।

এর আগে ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ দিকে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন-এই ইস্যুতে রাজনৈতিক সংকট তুঙ্গে উঠেছিল।

সেই সরকারের সময়েই ২০০৭ সালে মার্চে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান।

তখন আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি।

খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতি মামলায় কারাদণ্ডে দণ্ডিত হবার পর লন্ডনে থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তারেক রহমান।

ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

শেয়ার এবং ফলো করুন: