আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি উত্তোলনের দায়ে ৭টি পিকআপ জব্দ করেছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাটি ভর্তি এসব পিকআপ আটক করা হয়। আজ বুধবার (২২ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রতিটি পিকআপকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষি জমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে ফসলি জমির উৎপাদনক্ষমতা হুমকির মুখে পড়ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
