আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
অবশেষে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলার নতুন উপজেলা চন্দ্রগঞ্জ। একই সঙ্গে নতুন প্রশাসনিক বিন্যাসের আওতায় পুনর্গঠন করা হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলাকে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২০তম সভায় লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন নিয়ে নতুন চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদ সৃষ্টি হলেও উপজেলা সদর দপ্তরের সম্ভাব্য অবস্থান নিয়ে আলোচনা ও উদ্বেগও দেখা দিয়েছে। আজ সোমবার (১জুন) চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আইনশৃঙ্খলা বাহিনী এক নলা বন্দুক উদ্ধার করেছে। এ ঘটনায় কিছু স্থানীয় বাসিন্দা সম্ভাব্য উপজেলা সদর দপ্তরের নিরাপত্তা ও জনসাধারণের সহজ যাতায়াত নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, উপজেলা সদর এমন স্থানে হওয়া উচিত যেখানে জনসমাগম, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা সদর দপ্তরের চূড়ান্ত অবস্থান নির্ধারণের ক্ষেত্রে জনস্বার্থ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক সেবার সহজলভ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, যাতে নতুন চন্দ্রগঞ্জ উপজেলা তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী ইউনিয়ন নিয়ে নতুন চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।
নতুন উপজেলা গঠনের ফলে লক্ষ্মীপুর সদর উপজেলার অবশিষ্ট ১২টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভা নিয়ে পুনর্গঠন করা হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা। সদর উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো- উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালালবাজার, চররুহিতা, পার্বতীনগর, বাঙ্গাখাঁ, লাহারকান্দি, শাকচর, ভবানীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, চর রমনী মোহন ও টুমচর।
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ৩(২) ধারার ক্ষমতাবলে সরকার এ পুনর্গঠন কার্যকর করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের এ সরকারি সিদ্ধান্তকে এলাকার প্রশাসনিক উন্নয়ন ও সেবার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে নতুন উপজেলার সদর দপ্তরের স্থান নির্বাচন যেন জনস্বার্থ, নিরাপত্তা ও সহজ যোগাযোগের বিষয়গুলো বিবেচনায় নিয়েই করা হয়- এমন প্রত্যাশাও জোরালোভাবে সামনে আসছে।
