আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
৪ জুলাই ২০২৬ রবিবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় চোরের দৌরাত্ম্য বেড়েই চলেছে। গত রাতে ৬নং চরশাহী ইউনিয়নের রামপুর এলাকায় একই রাতে দুটি ভিন্ন স্থান থেকে একটি হুন্ডা মোটরসাইকেল ও একটি অটোরিকশা চুরি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,রাতের অন্ধকারে চোরেরা প্রথমে চরশাহী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বাবুল হোসেনের বাড়ির থেকে একটি মোটরসাইকেল চুরি করে।
কিছুক্ষণ পর একই গ্রামের কাশিয়ার বাড়ির সামনে থেকে একটি অটোরিকশাও নিয়ে যায়।
চুরির ঘটনা দুটি প্রায় একই সময়ে ঘটায় এলাকাবাসী ধারণা করছেন, একটি সংঘবদ্ধ চোরচক্র এলাকায় সক্রিয় রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চরশাহী ইউনিয়নের রামপুর এলাকা এখন চোরদের অভয়ারণ্য হয়ে উঠেছে। প্রায়ই চুরির ঘটনা ঘটছে, কিন্তু পুলিশের কোনো তৎপরতা দেখা যায় না। আমরা আতঙ্কে রাত কাটাই।
এলাকাবাসীর অভিযোগ, চুরির পর চোরাই মালামাল স্থানীয় কিছু সিন্ডিকেটের মাধ্যমে অন্যত্র পাচার হয়। এছাড়া পুলিশের নজরদারির অভাবে চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি এ বিষয়ে জানতে চাইলে বলেন,ঘটনার খবর পেয়েছি। তদন্ত চলছে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তবে ভুক্তভোগীরা বলছেন,এ ধরনের আশ্বাস আগেও পেয়েছেন,কিন্তু কোনো ফল হয়নি।
এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে কঠোর নজরদারি ও টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা রাস্তায় নেমে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
