আল মামুন শিপন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী।
প্রতিদিন বিভিন্ন সেবা নিতে পরিষদে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে গিয়ে জানা যায়, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে পরিষদে আসছেন সাধারণ মানুষ। তবে চেয়ারম্যানের পদ শূন্য থাকায় অনেকেই প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
সেবা প্রত্যাশীরা জানান গত ১৪ আগস্ট চেয়ারম্যান নুরুল আমিনের মৃত্যুর পর থেকে প্রায় এক মাস হতে চললেও এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। ফলে পরিষদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।
এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব কে পাবেন এ নিয়ে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম (শিপন খলিফা) ও ইউপি সদস্য আব্দুল হান্নান-এর নাম নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে টানাপোড়েনের কারণে এখনো কার্যকর সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন চেয়ারম্যানের পদ শূন্য থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণ করে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা-র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,জনদুর্ভোগ নিয়ে আপনারা যেভাবে ফিল করছেন, আমরাও এভাবে ফিল করছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম স্বাভাবিক করা হবে এবং ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
