আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে বছরের শুরু থেকেই ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন,চলতি বছরসহ বিগত দুই বছর ধরে বাজারের ইজারার গড় মূল্য কমলেও খাজনা আদায়ের পরিমাণ কমেনি। বরং প্রতিটি ছোট (চটি) দোকান থেকে খাজনা আদায় তিনগুণ পর্যন্ত বেড়েছে,যা ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।
তাদের আরও অভিযোগ করে বলেন,বাজারটিতে কোনো নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি নেই এবং খাজনা আদায়ের নির্ধারিত তালিকাও প্রকাশ করা হয়নি। এই সুযোগে নির্ধারিত হারের বাইরে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করলেও নানা চাপ ও ভয়ের কারণে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, প্রতিদিনের খাজনা সপ্তাহে নির্দিষ্ট দিন রোববার ও বৃহস্পতিবার আদায় করা হলেও তা নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে না।
দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ব্যবসায়ীদের আশা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের ‘ঘুম ভাঙবে’এবং এ অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
