চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী এ্যানিকে অভিনন্দন

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:

দীর্ঘ ৪৫ বছরের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ‘চন্দ্রগঞ্জ উপজেলা’ গঠনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভা শেষে এ ঘোষণা আসে। এতে চন্দ্রগঞ্জবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

সচিবালয়ে অনুষ্ঠিত নিকার সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন ঘোষিত এ উপজেলায় মোট ৯টি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবে। দীর্ঘদিন ধরে সদর উপজেলা থেকে দূরবর্তী ও উপকূলীয় এলাকার বাসিন্দারা প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। নতুন উপজেলা বাস্তবায়নের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিকার সভায় দেশের আরও চারটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। এগুলো হলো- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে ‘মাতামুহুরী’, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা থেকে ‘মোকামতলা’ এবং ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা।

চন্দ্রগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী জননেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। স্থানীয়দের দাবি, মন্ত্রী এ্যানির দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতিশ্রুতির ফলেই চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এটিকে চন্দ্রগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রার নতুন দিগন্ত হিসেবে দেখছেন।

শেয়ার এবং ফলো করুন: