চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন নিলুফা ইয়াসমিন নিপা,৩০ জুন দায়িত্ব গ্রহণ

আল মামুন শিপন লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। আগামী ৩০ জুন ২০২৬ তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তাঁকে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বদলির আদেশ দেওয়া হলেও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করে তাঁকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

গত বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ৩০ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এদিকে, চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিলুফা ইয়াসমিন নিপার পদায়নকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে চন্দ্রগঞ্জ উপজেলাবাসী।দক্ষ,সৎ ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে তিনি নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উন্নয়ন, সুশাসন এবং জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করবেন-এমন প্রত্যাশা করছেন তারা।

একই সঙ্গে চন্দ্রগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য,সফল কর্মজীবন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের জন্য শুভকামনা জানানো হয়েছে।

শেয়ার এবং ফলো করুন: