লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রহিম গ্রেফতা

আল মামুন শিপন-লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার একটি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মো. রহিম (৪৪) দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন আন্ডারচর ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত রহিম আন্ডারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আব্দুল গনির ছেলে।

র‌্যাব জানায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর কমলনগর থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলায় (মামলা নং-১১, জিআর-১৫৮/২০১৪, নারী ও শিশু মামলা নং-১৩৩/২০১৫) আদালতে বিচারকার্য শেষে ২০২২ সালের ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর রহিমকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামী রহিম গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম তার পরিচয় ও মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ার জন্য নোয়াখালী জেলার সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

শেয়ার এবং ফলো করুন: