তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য : এ্যানি

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। এ নির্বাচনটাকে আদায় করে নিতে হবে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদের খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ৯ টি ওয়ার্ডের পৃথক পৃথক তিনটি স্থানে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাইরে আছেন, তিনি নির্যাতিত। খালেদা জিয়া মাসের পর মাস জেলে ছিলেন, তাকে কিভাবে অত্যাচার নির্যাতন করে রাখা হয়েছিল, তিনি কিভাবে অসুস্থ হয়েছেন জেলখানায় থাকাবস্থায়।

তিনি বলেন, তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য, দেশবাসীর জন্য। তারেক রহমান সব রাজনৈতিক দল, সব মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদের ঐক্যবদ্ধ থেকে এ নির্বাচনটা আদায় করে নিতে হবে। নির্বাচন কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়। গত ১৭ বছর কী দুর্ভোগে ছিলেন, কেন রাস্তা পাননি, উন্নয়ন পাননি, সামাজিক সহায়তা পাননি। একটা নির্বাচিত সরকার থাকলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যেত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সভাপতি এম বেল্লাল হোসেন চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূঁইয়া চেয়ারম্যান , চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

 

শেয়ার এবং ফলো করুন: