চন্দ্রগঞ্জ সাদারঘরে রাতের অন্ধকারে ব্রিজের রেলিং ভেঙে উধাও দুর্ঘটনার শঙ্কায় জনমনে তীব্র ক্ষোভ

আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সাদারঘরে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রহমত খালী খালের উপর নির্মিত সাদারঘর ব্রিজে চরম অব্যবস্থাপনা ও দায়হীনতার চিত্র আবারও প্রকাশ পেল। রাতের অন্ধকারে ব্রিজের পশ্চিম পাশের রেলিংয়ের মাঝের অংশ ভেঙে উধাও হয়ে গেছে-কেউ জানে না, কারা, কীভাবে, কখন এটি ঘটিয়েছে।

স্থানীয়দের অভিযোগ-ব্রিজের উত্তর-পূর্ব পাশে অবস্থিত শাহী বাস ওয়ার্কশপের বড় বাসগুলো ব্রিজের ওপর ঘুরানোর চেষ্টা করতে গিয়ে বাসের পেছনের অংশের ধাক্কায় রেলিংটি ভেঙে পড়তে পারে। তবে ঘটনার সত্যতা নিয়ে রহস্য থেকেই গেছে।

রেলিং ভেঙে যাওয়ায় চলাচলরত যানবাহন ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। আঞ্চলিক সড়ক হওয়ায় এখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সচেতন মহল। এতে জনমনে আতঙ্কের পাশাপাশি তীব্র ক্ষোভ তৈরী হয়েছে।

স্থানীয়রা অবিলম্বে ঘটনার তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং ব্রিজের জরুরি মেরামতের দাবি জানিয়েছেন। তারা বলেন, ‘অন্যের গাফিলতিতে আমাদের জীবনের ঝুঁকি বাড়তে পারে-এটি কখনোই মেনে নেওয়া যায় না।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার এবং ফলো করুন: