চন্দ্রগঞ্জ থেকে চুরি হওয়া ৯টি গরুর মধ্যে ৬টি উদ্ধার

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সীমান্তবর্তী এলাকায় অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯টি গরুর মধ্যে ৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। তবে বাকি ৩টি গরু নিয়ে প্রতারকচক্র এখনো লাপাত্তা রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গরু কেনার নামে প্রতারণা করে আসছিল। সম্প্রতি চক্রটি পাঁচবিবি উপজেলা এলাকার একটি খামার থেকে ৯টি গরু অর্ডার করে। বিক্রেতা খামারি নির্ধারিত স্থানে গরুগুলো পৌঁছে দিলে প্রতারকচক্র কৌশলে সময়ক্ষেপণ করে টাকা পরিশোধ না করেই গরু নিয়ে পালানোর চেষ্টা চালায়।

ঘটনার পর ভুক্তভোগী খামারির অভিযোগের ভিত্তিতে বুধবার (০৪ মার্চ) রাত দুইটার সময় চন্দ্রগঞ্জ থানা ও বেগমগঞ্জ থানা পুলিশ যৌথভাবে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরুল্যাপুর গ্রামের মীর বাড়ির রহমানিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পেছন থেকে ৬টি গরু উদ্ধার করা হয়। এ সময় প্রতারকচক্রের সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, প্রতারকরা অনলাইনে অর্ডার দিয়ে টাকা পরিশোধ ছাড়াই গরু আত্মসাতের পরিকল্পনা করেছিল।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বাকি ৩টি গরুর অবস্থান শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তীতে বেগমগঞ্জ থানার এসআই আরিফুরের উপস্থিতিতে এবং খামারির সমন্বয়ে উদ্ধারকৃত ৬টি গরু বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা দ্রুত প্রতারকচক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: