আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
তারিখ: ১৮ মার্চ ২০২৬ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ও মৃত্যুঞ্জয়ী বর্ষীয়ান নেতা সাহাব উদ্দিন সাবু।
রোববার (১৫ মার্চ ২০২৬) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাহাব উদ্দিন সাবু লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হিসেবে পরিচিত। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নিষ্ঠার কারণে তাকে ‘মৃত্যুঞ্জয়ী’ উপাধিতে ভূষিত করেছেন কর্মী-সমর্থকরা।
নিয়োগপ্রাপ্তির পর সাহাব উদ্দিন সাবু তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এই দায়িত্ব পালনে লক্ষ্মীপুরবাসীর উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
এদিকে নিয়োগের খবর ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন। অনেকে এটিকে দলীয় ঐক্য ও প্রবীণ নেতাদের মূল্যায়ন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সারাদেশের অন্যান্য জেলা পরিষদগুলোতেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরবাসী নতুন প্রশাসকের দায়িত্ব পালনের মাধ্যমে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আশা করছেন।
