আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. বেলাল হোসেন চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা পর্যায়ের এ আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
