লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আগে সম্প্রীতির সভা:

আল মামুন শিপন-লক্ষ্মীপুর:
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা রূপ নিয়েছে সম্প্রীতির মিলনমেলায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় ধর্ম-বর্ণ-রাজনীতি অতিক্রম করে নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন।

সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি বাদল মজুমদার বাপ্পি।
সঞ্চালনায় ছিলেন চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব নাথ৷
বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার,পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ছন্দন কর্মকার ও বাবু গনেশ কুরী। বক্তারা বলেন, দুর্গোৎসব শুধু প্রতিমা স্থাপনের অনুষ্ঠান নয়; এটি ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, এ বছর থানার আওতাধীন ১৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তিনি পূজা উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তার আশ্বাস দেন এবং বলেন, এই উৎসব সমাজে সম্প্রীতির ইতিবাচক শক্তি হিসেবে কাজ করবে।

সভায় বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা যুব দলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ রাসেল,ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা.মো. কাউসার হামিদ, যুব বিভাগের সভাপতি তাওসিফ হাসনাঈন ও থানা যুব বিভাগের সেক্রেটারি আলাউদ্দিন এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক কবির আহমদ ফারুক, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হান্নান, সেক্রেটারি মো:মাহাফুজুর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো:আনোয়ার হোসেন, ও সাবেক সহ: সভাপতি নজরুল ইসলাম টিটু।

রাজনীতির মাঠে যারা প্রতিপক্ষ, তারা এদিন উৎসবের প্রাক্কালে একই কাতারে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

চন্দ্রগঞ্জের এ আয়োজন তাই শুধু পূজার প্রস্তুতি নয়; বরং এটি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেন সবাই মিলে উচ্চারণ করছে-
ধর্ম যার, ধর্মীয় উৎসব তার; তবে আনন্দ ও সহযোগিতা সবার।

শেয়ার এবং ফলো করুন: