চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা: মালিক নুর উদ্দিন জিকু গ্রেপ্তার

আল মামুন শিপন-লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজারে ওয়ার্কশপের আড়ালে গোপনে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১ ডিসেম্বর অভিযান চালিয়ে ওয়ার্কশপটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে ডিবি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৯ ডিসেম্বর) রাঙ্গামাটি থেকে এই কারখানার মূল হোতা নুর উদ্দিন জিকুকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর ডিবি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য লক্ষ্মীপুরে আনা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

নুর উদ্দিন জিকু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মোঃ গোফরানের ছেলে। দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের আড়ালে অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবি।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিন, লোহা কাটার সরঞ্জাম, পাইপসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকরণ রয়েছে।

ঘটনার পর চন্দ্রগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, অস্ত্র চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং অস্ত্রের গন্তব্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার এবং ফলো করুন: