স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি

অনলাইন ডেস্ক বার্তা সময়:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তের কারণে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে পরিবর্তন আনার কাজ চলছে।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে নির্বাচন উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতের সব নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সেই সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক আলোচনার আহ্বান জানিয়ে সিইসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বহু সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা যায়।

নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন সবসময় সৎ ও নিরপেক্ষ অবস্থানে থেকেছে। বড় বড় রাজনৈতিক নেতাদের ফোনে কথা বলার অনুরোধও তিনি গ্রহণ করেননি; বরং অফিসে এসে আলোচনার নিয়ম বজায় রেখেছেন। আইন ও বিবেকের কাছে জবাবদিহিতাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, কোনো নির্দিষ্ট পক্ষ বা পরিকল্পনার ভিত্তিতে নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য।

 

শেয়ার এবং ফলো করুন: