চন্দ্রগঞ্জে জোনাকি বাসে হামলা-ভাঙচুর, যাত্রীবাহী বাস জ্বালিয়ে দেওয়ার হুমকি

আল মামুন শিপন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঢাকা থেকে আসা জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সিএনজিচালকের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।

জোনাকি বাসের চালক রবিউল ইসলাম জানান, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার কাউন্টার সংলগ্ন এলাকায় সিএনজিচালক টুটুল (পাচপাড়া গ্রামের সুমনের ছেলে) বাসের গতিরোধ করে। বিনা কারণে বাসের সামনের গ্লাস ভেঙে ফেলেন তিনি। পরে ভাঙা গ্লাসের টুকরো হাতে নিয়ে চালককে মারার চেষ্টা করেন এবং বাসে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

যাত্রীরা এই হামলার প্রতিবাদ করলে টুটুল আরও ক্ষিপ্ত হয়ে যাত্রীদের ওপর চড়াও হন। এতে বাসে থাকা নারী ও শিশুসহ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে চন্দ্রগঞ্জ থানার এএসআই হুমায়ূনের উপস্থিতিতে সমঝোতায় টুটুল ভাঙচুরকৃত গ্লাসের জরিমানা বাবদ ২ হাজার টাকা পরিশোধ করেন।

ভুক্তভোগী যাত্রী ও পরিবহন শ্রমিকরা দোষী সিএনজিচালক টুটুলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার এবং ফলো করুন: